Monday, August 17

হরমুজকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড করার ঘোষণা ট্রাম্পের, আদৌ কি তা সম্ভব?

|| আন্তর্জাতিক ডেস্ক ||

ইরানের সঙ্গে চলমান সংঘাতের মাঝেই কৌশলগতভাবে অতীব গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আন্তর্জাতিক আইন ও সংবিধান বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের এই ঘোষণা আইনত ও বাস্তবে কার্যকর করার কোনো সুযোগ নেই।

সংবাদমাধ্যম আল জাজিরার এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার নিউইয়র্কের এক অনুষ্ঠানে ট্রাম্প দাবি করেন—ইরানকে পরাজিত করার পর হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড করা হবে এবং সেখানে মার্কিন নৌ অবরোধের কারণে জলপথটি ইতোমধ্যেই কার্যত যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে।

ট্রাম্পের এ দাবিকে ‘অর্থহীন’ বলে উড়িয়ে দিয়েছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি এবং বিচার বিভাগের প্রধান স্পষ্ট জানিয়েছেন, কোনো আদেশ বা বক্তব্যের মাধ্যমে হরমুজ প্রণালি দখল করা সম্ভব নয় এবং এটি ইরানের জলসীমাতেই থাকবে। জলপথটিতে জাহাজ চলাচলের সিদ্ধান্তও ইরানই নেবে।

আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এককভাবে কোনো ভূখণ্ডের মালিকানা পরিবর্তন করতে পারেন না। মার্কিন সংবিধান অনুযায়ী, কোনো নতুন ভূখণ্ড অধিভুক্ত করতে সিনেটের অনুমোদনযুক্ত চুক্তি অথবা কংগ্রেসের আইন প্রয়োজন। তা ছাড়া আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো ভূখণ্ডকে নিজেদের অংশ করতে হলে সেখানে সামরিকভাবে পূর্ণ দখলদারিত্ব প্রতিষ্ঠা করতে হয়, যা হরমুজের ক্ষেত্রে অসম্ভব। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, একতরফা এমন পদক্ষেপ জাতিসংঘ সনদের আওতায় ‘আগ্রাসী যুদ্ধের অপরাধ’ হিসেবে বিবেচিত হতে পারে।

মূলত বিশ্বে তেল ও গ্যাস সরবরাহের অন্যতম প্রধান এই রুটে যুদ্ধ শুরুর পর থেকেই ইরান যাতায়াত ব্যাহত করে রেখেছে, যার জবাবে যুক্তরাষ্ট্রও নৌ অবরোধের চেষ্টা করছে। বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক আইন ও বাস্তবতায় হরমুজ প্রণালি অধিগ্রহণ করা অসম্ভব হলেও ট্রাম্পের এমন বক্তব্য মূলত প্রতিপক্ষের ওপর মানসিক চাপ বাড়ানো এবং নিজ দেশের সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া রাজনৈতিক কৌশল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *