বুধবার, মে ১৩

সৌদি আরবও গোপনে ইরানে হামলা চালিয়েছিল: চাঞ্চল্যকর তথ্য ফাঁস

|| আন্তর্জাতিক ডেস্ক ||

যুদ্ধকালীন সময়ে সৌদি আরবের ওপর ইরানের হামলার জবাবে কোনো প্রকার ঘোষণা ছাড়াই পাল্টা ইরানে অসংখ্যবার বিমান হামলা চালিয়েছিল রিয়াদ। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতের পর এবার সৌদি আরবের সরাসরি ইরানি ভূখণ্ডে সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়টি প্রকাশ্যে এলো।

বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট দুই পশ্চিমা কর্মকর্তা এবং দুইজন ইরানি কর্মকর্তা। তাদের দাবি, সম্ভবত গত মার্চের শেষের দিকে সৌদি বিমানবাহিনী এসব গোপন হামলা পরিচালনা করে, যা আগে কখনো জনসমক্ষে আসেনি। এর মাধ্যমে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে সৌদি আরবের আত্মরক্ষার ক্ষেত্রে আরও সাহসী হয়ে ওঠার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

এদিকে আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা আরও বাড়িয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার চীন সফরের প্রাক্কালে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, “হয় আমরা ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাবো নয়তো তারা ধ্বংস হয়ে যাবে।” মার্কিন প্রেসিডেন্টের এমন মারমুখী অবস্থানের বিপরীতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি পাল্টা অভিযোগ করে বলেছেন, আমেরিকার ‘অসততা’র কারণেই চলমান যুদ্ধ শেষ হচ্ছে না।

রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইরানের সংশ্লিষ্ট দপ্তরগুলো এই গোপন হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। তবে ঐতিহ্যগতভাবে নিরাপত্তার জন্য মার্কিন শক্তির ওপর নির্ভরশীল সৌদি আরব সাম্প্রতিক ১০ সপ্তাহের যুদ্ধে এমন পরিস্থিতির মুখে পড়েছে, যেখানে তাদের নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা ব্যবহার করতে হয়েছে। এর আগে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল যে, আরব আমিরাতও যুদ্ধবিরতি ঘোষণার প্রাক-মুহূর্তে পারস্য উপসাগরে ইরানের তেল স্থাপনাগুলো লক্ষ্য করে বিমান হামলা চালায়, যার মধ্যে লাভান দ্বীপের অফশোর স্থাপনাও অন্তর্ভুক্ত ছিল। সরাসরি হামলার এই তথ্যগুলো মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে এক নতুন মেরুকরণের সংকেত দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *