
|| নিজস্ব প্রতিবেদক ||
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রথিতযশা শিক্ষাবিদ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. জাকির হুসাইনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বিভাগের ১৯৯৭-৯৮ ব্যাচের সাবেক শিক্ষার্থীরা।
গত মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় রাজধানীর একটি মিলনায়তনে সৌজন্য সাক্ষাৎ শেষে ইবির আল হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ১৯৯৭-৯৮ ব্যাচের সাবেক শিক্ষার্থীদের পক্ষ থেকে এই শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
ব্যাচের পক্ষ থেকে শুভেচ্ছা প্রদান করেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার ও বাংলাদেশ নির্বাচন কমিশনের সহকারী সচিব মো. রেজাউল হক এবং নিশান এক্সেসোরিস লিমিটেডের মার্কেটিং ম্যানেজার আবু ত্বহা মো. নুরুল্লাহ।
সাক্ষাৎকালে ব্যাচের প্রতিনিধিদ্বয় নবনিযুক্ত উপাচার্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন এবং তাঁর দক্ষ নেতৃত্বে সুবিপ্রবি একটি বিশ্বমানের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
