Sunday, August 9

সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন গ্রেপ্তার

|| বিনোদন ডেস্ক ||

নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় জনপ্রিয় খল অভিনেতা মোহাম্মদ আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার সময় রবিবার (৯ আগস্ট) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ঢাকা মেট্রো পশ্চিমের বিশেষ পুলিশ সুপার গোলাম বেনজীর জানান, বিদেশে যাওয়ার সময় বিমানবন্দর ইমিগ্রেশন থেকে অভিনেতা ডনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার জানান, চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার কারণে অভিনেতা ডনের বিদেশযাত্রায় আইনি নিষেধাজ্ঞা ছিল এবং ইমিগ্রেশনের ‘স্টপ লিস্টে’ তাঁর নাম অন্তর্ভুক্ত ছিল। রবিবার সকালে সৌদি আরবগামী ফ্লাইটে ওঠার চেষ্টা করলে ইমিগ্রেশন পুলিশ তাঁকে আটক করে। পরবর্তীতে সিআইডির প্রতিনিধি দল এসে তাঁকে নিজেদের হেফাজতে নেয়।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর নিউ ইস্কাটন রোডের নিজ বাসা থেকে চিত্রনায়ক সালমান শাহর লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলা হলেও পরবর্তীতে পরিবারের আবেদনের প্রেক্ষিতে এটি হত্যা মামলায় রূপ নেয়। দীর্ঘ তদন্ত প্রক্রিয়ায় বিভিন্ন সময় খল অভিনেতা ডনসহ একাধিক ব্যক্তির নাম উঠে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *