
|| সাহিত্য ও বিনোদন প্রতিবেদক ||
যশোর টাউন হল মিলনায়তনে সংস্কৃতি পরিষদ, বাংলাদেশের কেন্দ্রীয় দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৩ অক্টোবর ২০২৬) পণ্ডিত অর্ধেন্দুপ্রসাদ বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৭৭টি সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করে।
সম্মানিত অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষক মাহমুদুল হাসান। সম্মেলনে পণ্ডিত অর্ধেন্দুপ্রসাদ বন্দ্যোপাধ্যায়ের রচিত একটি নতুন গ্রন্থের মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি মাহমুদুল হাসান।
অনুষ্ঠানে সংস্কৃতি পরিষদের পরবর্তী তিন বছরের জন্য নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। নতুন এই কমিটিতে সংগীতগুরু অর্ধেন্দুপ্রসাদ বন্দ্যোপাধ্যায়কে সভাপতি এবং পান্নালাল দেকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।
সম্মেলনের দ্বিতীয় পর্বে বা বিকেলের সাংস্কৃতিক অধিবেশনে সংগীত পরিবেশন করেন প্রধান অতিথি মাহমুদুল হাসান ও স্থানীয় শিল্পীবৃন্দ। আমন্ত্রিত অতিথি ও শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনার মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে এই কেন্দ্রীয় সম্মেলন শেষ হয়।
