Sunday, August 2

শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গার পর সেনা ও কমান্ডো মোতায়েন

|| আন্তর্জাতিক ডেস্ক ||

শ্রীলঙ্কার একটি অতিরিক্ত বন্দীভর্তি কারাগারে ভয়াবহ দাঙ্গার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক শত সেনাসদস্য ও এলিট কমান্ডো মোতায়েন করা হয়েছে। সহিংস এ ঘটনায় একজন বন্দী নিহত এবং আরো অন্তত ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।

রবিবার (২ আগস্ট) শ্রীলঙ্কার পুলিশের উপ-মহাপরিদর্শক সঞ্জীবা মেদাওয়াত্তে জানান, রাজধানী কলম্বোর উপকণ্ঠে অবস্থিত মাহারা কারাগারের ভেতরে শনিবার রাতে বন্দীরা হট্টগোল ও তাণ্ডব শুরু করে। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

কারাগারের বাইরে সাংবাদিকদের তিনি বলেন, “শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং বন্দীদের নিজ নিজ সেলে পাঠাতে আমরা সশস্ত্র বাহিনী ও স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) সাহায্য নিয়েছি।”

পুলিশ কর্মকর্তা মেদাওয়াত্তে আরো জানান, তাণ্ডব চালিয়ে মাহারা কারাগারের বন্দীরা ভেতরের রান্নাঘর, হাসপাতাল, নবনির্মিত একটি পুনর্বাসন ভবন এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে।

উল্লেখ্য, চার হাজার ১০০ বন্দী থাকা মাহারা কারাগারটির আসল ধারণক্ষমতা এর প্রায় চার গুণ কম। দেশটির বেশিরভাগ কারাগারেই ধারণক্ষমতার অতিরিক্ত বন্দীর চাপ রয়েছে। এসব বন্দীর তিন-চতুর্থাংশেরও বেশি বিচারাধীন এবং তাদের বড় একটি অংশ মাদক-সংশ্লিষ্ট মামলায় আটক রয়েছে। উদ্ভূত সংকট নিরসনে গত মাসেই শ্রীলঙ্কা কর্তৃপক্ষ পরিত্যক্ত সরকারি ভবনগুলোকে সাময়িকভাবে কারাগারে রূপান্তরের পরিকল্পনার কথা জানায়।

এর আগে ২০২০ সালের নভেম্বরে এই মাহারা কারাগারেই এক ভয়াবহ দাঙ্গায় গুলিতে ১১ বন্দী নিহত এবং প্রায় ১২০ জন আহত হয়েছিলেন। এছাড়া গত মাসেও দেশটির একই অঞ্চলের আরেকটি কারাগারে দাঙ্গার ঘটনায় ১০ জন কারারক্ষী এবং ২১ জন বন্দী প্রাণ হারান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *