
|| নিজস্ব প্রতিবেদক ||
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের আকাশচুম্বী মূল্যবৃদ্ধি, তীব্র লোডশেডিং, চরম গ্যাস সংকট, বিদ্যুতের ভুতুড়ে বিল এবং দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী ঐক্য আন্দোলনের আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়া ও সেক্রেটারি জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান।
আজ মঙ্গলবার (৪ আগস্ট) এক যৌথ বিবৃতিতে শীর্ষ দুই নেতা বলেন, সবজি, মাছ, মুরগী, চাল, ডাল, তেলসহ নিত্যপণ্যের অব্যাহত দরবৃদ্ধিতে সাধারণ ও নিম্নআয়ের মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। অসাধু সিন্ডিকেটের কারসাজিতে বাজার ব্যবস্থাপনা প্রায় ভেঙে পড়লেও তা নিয়ন্ত্রণে দৃশ্যমান কোনো ভূমিকা নেই।
নেতৃদ্বয় আরও বলেন, একদিকে চরম বিদ্যুৎ সংকট ও অনিয়ন্ত্রিত লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ, গৃহস্থালি থেকে শুরু করে কলকারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে; অন্যদিকে গ্যাস সংকটের মাঝেও গ্রাহকদের কাঁধে অস্বাভাবিক ও ভুতুড়ে বিলের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। এই জোড়াতালি ও দায়িত্বজ্ঞানহীন বিদ্যুৎ-জ্বালানি ব্যবস্থাপনা সাধারণ মানুষের ভোগান্তিকে চরম পর্যায়ে নিয়ে গেছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, বর্তমানে রাজধানীসহ সারা দেশে চুরি, ডাকাতি, ছিনতাই ও খুনসহ নানাবিধ অপরাধের মাত্রা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। মানুষের জানমালের ন্যূনতম নিরাপত্তা নেই। আইনশৃঙ্খলা ব্যবস্থার এই ঢিলেঢালা ভাব দেশের স্বাভাবিক জীবনযাত্রা ও অর্থনীতিকে ধসিয়ে দিচ্ছে। এছাড়াও রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ প্রবণতার বিষবাস্প দাবানলের মত ছড়িয়ে পড়ছে।
অবিলম্বে সিন্ডিকেট ভেঙে নিত্যপণ্যের দাম কমানো, গ্যাসসহ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে লোডশেডিং ও ভুতুড়ে বিল বন্ধ করা এবং জনগণের জানমালের সুরক্ষায় দ্রুত কার্যকর আইনি পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান ইসলামী ঐক্য আন্দোলনের শীর্ষ নেতারা।
