সোমবার, জুন ১

রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা শাহরুজ্জামান মোর্ত্তজা

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

খুলনার রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী অঙ্গনের পরিচিত মুখ, বীর মুক্তিযোদ্ধা ও বিএনপি নেতা শাহরুজ্জামান মোর্ত্তজা আর নেই। শনিবার ভোরে নগরীর নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত ও বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।

মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে খুলনার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

দুপুরে তাঁর মরদেহ নগরীর বিএনপির দলীয় কার্যালয়ে নেওয়া হলে দলীয় নেতাকর্মীরা শেষ শ্রদ্ধা জানান। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের অবদানের কথা স্মরণ করেন।

পরে শহীদ হাদিস পার্কে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ, সাংবাদিক ও সর্বস্তরের মানুষ এতে অংশ নেন।

জানাজায় উপস্থিত ছিলেন নজরুল ইসলাম মঞ্জু, মিয়া গোলাম পরওয়ার, শফিকুল আলম মনা, মনিরুজ্জামান মন্টু, আলী আসগার লবি, আমীর এজাজ খান এবং জাহাঙ্গীর হোসাইন হেলালসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজন।

জানাজা শেষে টুটপাড়া কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

শাহরুজ্জামান মোর্ত্তজা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, খুলনা মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি ব্যবসা ও সামাজিক উন্নয়নমূলক কাজেও তিনি সক্রিয় ছিলেন।

এদিকে তাঁর মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা পৃথক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ মরহুমের রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক অবদানের কথা স্মরণ করে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *