
|| আলোকিত দৈনিক ডেস্ক ||
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে দলটির সদ্য পদত্যাগী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নপত্র জমা দেয় বিএনপির একটি প্রতিনিধি দল।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায় এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ দলের শীর্ষ নেতারা। মির্জা ফখরুলের এই মনোনয়নপত্রে প্রস্তাবক হিসেবে ড. আব্দুল মঈন খান এবং সমর্থক হিসেবে গয়েশ্বর চন্দ্র রায় স্বাক্ষর করেন।
এর আগে রাষ্ট্রপতি পদের প্রার্থী হিসেবে চূড়ান্ত করার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।
