Sunday, November 1

রায়গঞ্জের অদম্য দুই মেধাবী স্বপ্ন জয়ের দুয়ারে

|| ড. গোলাম মোস্তফা | রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||

অভাব-অনটন ও প্রতিকূল পরিস্থিতিকে জয় করে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় সাফল্যের স্বাক্ষর রেখেছেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার দুই অদম্য মেধাবী শিক্ষার্থী মোন্নাফ হোসেন ও মুহাব্বত আলী। কঠোর পরিশ্রম ও সংগ্রামের মাধ্যমে পড়ালেখা চালিয়ে যাওয়া এই দুই তরুণের সাফল্যের গল্প এখন স্থানীয় এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সিমলা গ্রামের ইমারত নির্মাণ শ্রমিক রফিকুল ইসলাম ও স্থানীয় একটি এনজিওর আয়া মিরা খাতুনের ছেলে মোন্নাফ হোসেন। তিনি এ বছর রায়গঞ্জ উপজেলার সরকারি বেগম নুরুন্নাহার তর্কবাগীশ কলেজের বাণিজ্য বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৫ অর্জন করেছেন। এর আগে ২০২৪ সালে উপজেলা সদরের ধানগড়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায়ও তিনি জিপিএ-৫ লাভ করেছিলেন। পড়াশোনার পাশাপাশি তিনি বাবার সঙ্গে বিভিন্ন কাজেও হাত লাগাতেন বলে জানান তাঁর শিক্ষক আব্দুস সাত্তার।

অপরদিকে, উপজেলার সলঙ্গা থানার বাসুদেবকোল উত্তরপাড়া গ্রামের শাহজাহান আলীর ছেলে মুহাব্বত আলী সলঙ্গা ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছেন। এর আগে ২০২৪ সালে সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসিতে তিনি জিপিএ-৪.৭৮ অর্জন করেছিলেন। পড়াশোনার খরচ চালাতে এবং বাবাকে সহযোগিতা করতে তিনি ইসলামী ব্যাংকের সলঙ্গা শাখার এটিএম বুথে নৈশ প্রহরীর কাজ করতেন বলে জানান তাঁর বাংলা শিক্ষক মো. আসাদুল আলম।

জীবনের নানা প্রতিকূলতা ও সংগ্রামকে পেছনে ফেলে রায়গঞ্জের এই দুই পরিশ্রমী মেধাবী শিক্ষার্থী এখন উচ্চশিক্ষা অর্জনের মাধ্যমে স্বপ্ন জয়ের দুয়ারে দাঁড়িয়েছেন। তবে তাদের এই স্বপ্নযাত্রাকে অব্যাহত রাখতে এবং উচ্চশিক্ষা নিশ্চিত করতে সমাজের বিত্তবান ও হৃদয়বান ব্যক্তিদের আন্তরিক সহযোগিতা অত্যন্ত প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *