শনিবার, মার্চ ৭

রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে বিক্রি হবে জ্বালানি তেল

|| আলোকিত দৈনিক ডেস্ক ||

বিশ্ববাজারে জ্বালানি সংকটের প্রভাব ও উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় আগামী রবিবার থেকে সারা দেশে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার। দীর্ঘমেয়াদে দেশে যাতে তেলের কোনো সংকট তৈরি না হয়, সেই লক্ষ্যে এই আগাম সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ বিষয়ে সুনির্দিষ্ট লিখিত নির্দেশনা দ্রুতই দেশের সকল ফিলিং স্টেশনগুলোতে পাঠিয়ে দেওয়া হবে।

গত শুক্রবার (৬ মার্চ) রাজধানীর পরীবাগ এলাকার একটি পেট্রোল পাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এই তথ্য নিশ্চিত করেন।

মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় অস্থিরতা তৈরি হয়েছে। এর রেশ বাংলাদেশেও অনুভূত হওয়ায় গত কয়েকদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানের ফিলিং স্টেশনগুলোতে গ্রাহকদের উপচে পড়া ভিড় লক্ষ করা যাচ্ছে। অনেক ক্ষেত্রে তেলের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে গ্রাহকদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনাও ঘটছে। এছাড়া সংকট হতে পারে এমন আতঙ্কে অনেকে প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ ও মজুত করার চেষ্টা করছেন।

এমন পরিস্থিতিতে সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। অযথা উদ্বিগ্ন হয়ে তেল মজুত করার প্রয়োজন নেই; বরং প্রত্যেকে যার যতটুকু প্রয়োজন কেবল ততটুকুই সংগ্রহ করলে বাজার স্থিতিশীল থাকবে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কথা উল্লেখ করে তিনি আরও জানান, বৈশ্বিক চাপের মুখে দেশে তেলের দাম কিছুটা সমন্বয় করার প্রয়োজন হতে পারে। তবে সাধারণ মানুষের কথা বিবেচনা করে সরকার যতটুকু সম্ভব দাম না বাড়ানোর সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *