Thursday, July 23

ম্যাচ জিতেও কেন ওয়েস্ট ইন্ডিজকে গুনতে হচ্ছে জরিমানা!

|| স্পোর্টস ডেস্ক ||

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে রোমাঞ্চকর জয় পেলেও মন্থর ওভার রেটের কারণে জরিমানার মুখে পড়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। নির্ধারিত সময়ে এক ওভার কম করায় শেই হোপের দলের সকল খেলোয়াড়কে ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শাস্তির তথ্য নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

আইসিসির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ে প্রতি এক ওভার কম বোলিং করার জন্য দলের ক্রিকেটারদের ম্যাচ ফির ৫ শতাংশ হারে জরিমানা গুণতে হয়। ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত সিরিজের শেষ ম্যাচে ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ এই জরিমানা ধার্য করেন। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শেই হোপ অপরাধ স্বীকার করে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

উল্লেখ্য, মঙ্গলবার অনুষ্ঠিত সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডের দেয়া ২৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শিমরন হেটমায়ারের ঝোড়ো ইনিংসে ১৫ বল হাতে রেখেই ২ উইকেটের জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ম্যাচ জয়ের পর টানা তিন ম্যাচে হেরে আগেই সিরিজ হাতছাড়া হলেও শেষ ম্যাচের এই জয়ে সান্ত্বনা নিয়েই মাঠ ছাড়ে ক্যারিবিয়ানরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *