Saturday, August 22

মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে নাগেশ্বরীতে আনন্দ মিছিল ও পথসভা

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীকে অভিনন্দন জানিয়ে কুড়িগ্রামের নাগেশ্বরীতে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) বিকেলে নাগেশ্বরী বাসস্ট্যান্ডস্থ দলীয় কার্যালয় থেকে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বাসস্ট্যান্ডে এসে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।

পৌর বিএনপির আহ্বায়ক আবুল কাশেম সরকারের সভাপতিত্বে এবং অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতিতে পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা, সদস্য সচিব আলহাজ্ব মোকলেছুর রহমান এবং পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক উমর ফারুক।

পথসভায় বক্তারা বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘ রাজনৈতিক প্রজ্ঞা, ত্যাগ ও তৃণমূলের মানুষের সঙ্গে গভীর সম্পৃক্ততা রাষ্ট্র পরিচালনায় এক নতুন দিগন্তের সূচনা করবে। রাষ্ট্রের সর্বোচ্চ পদে আসীন হয়ে তিনি গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

অন্যদিকে রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান নেতৃবৃন্দ। তারা আশাবাদ ব্যক্ত করেন, রিজভীর সুদৃঢ় নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতায় দল আরও সুসংগঠিত হবে এবং তৃণমূলের নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সঞ্চারিত হবে।

সভা শেষে নবনির্বাচিত রাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত মহাসচিবের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং রাজনৈতিক জীবনের সার্বিক সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *