Wednesday, September 2

মানিকগঞ্জে রিয়ালের বান্ডিলে খবরের কাগজ: প্রতারক চক্রের ২ সদস্য গ্রেপ্তার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

সৌদি রিয়ালের বান্ডিলের ভেতরে বিশেষ কৌশলে রাখা পুরোনো খবরের কাগজ এবং ওপরে ৫০ রিয়ালের মাত্র তিনটি আসল নোট বসিয়ে প্রতারণার অভিযোগে মানিকগঞ্জে চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১ সেপ্টেম্বর) সকালে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন রাজ রেস্টুরেন্টের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পাইকদিয়া গ্রামের এনামুল শেখ (৪০) ও আলম শেখ ওরফে আলেম (৫০)। তবে এ ঘটনার সময় তাঁদের সহযোগী জাহাঙ্গীর শেখ নামের এক ব্যক্তি পালিয়ে যান।

পুলিশ ও ঘটনার এজাহার সূত্রে জানা যায়, গড়পাড়া ইউনিয়নের ঠাটাংগা শাহে জামে মসজিদের ইমাম মো. ইসমাইল হোসাইন শামীমের সঙ্গে গত শনিবার হকার সেজে পরিচিত হন জাহাঙ্গীর শেখ। কথা বলার একপর্যায়ে নিজের কাছে বিপুল পরিমাণ সৌদি রিয়াল রয়েছে জানিয়ে ব্যাংকের মাধ্যমে তা ভাঙিয়ে দিতে সহযোগিতা চান এবং ইমামের মোবাইল নম্বর নেন। রাতে জাহাঙ্গীর ফোনে অন্য এক ব্যক্তির সঙ্গে ইমামের কথা বলান, যিনি নিজেকে অশিক্ষিত দাবি করে জানান তাঁর কাছে ১৪ বান্ডিল রিয়াল রয়েছে।

পরদিন সকালে কথামতো ইমাম শামীম রাজ রেস্টুরেন্টের সামনে গেলে আসামিরা এক লাখ টাকার বিনিময়ে বাজারে ব্যাগভর্তি ১৪ বান্ডিল রিয়াল বিক্রির প্রস্তাব দেয়। এতে বড় অঙ্কের লাভের প্রলোভন দেখানো হয়। পরবর্তীতে ইমাম টাকা নিয়ে বান্ডিলগুলো পরীক্ষা করতে গিয়ে দেখতে পান, খবরের কাগজ কেটে বান্ডিল বানিয়ে বিভ্রান্ত করার জন্য মাত্র তিনটি আসল রিয়ালের নোট ব্যবহার করা হয়েছে।

ইমাম বিষয়টি বুঝতে পেরে প্রতিবাদ জানালে স্থানীয় লোকজন এগিয়ে আসে। খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানার টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে গ্রেপ্তার করে। এ সময় এনামুল শেখের কাছ থেকে গামছায় মোড়ানো খবরের কাগজের বান্ডিল ও ৫০ রিয়ালের তিনটি আসল নোট সংবলিত ব্যাগটি উদ্ধার করা হয়।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, ঘটনার বিষয়ে ভুক্তভোগী ইমামের অভিযোগের ভিত্তিতে পেনাল কোডের ৪০৬ ও ৪২০ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জুলুস খান পাঠান জানান, পলাতক আসামি জাহাঙ্গীর শেখসহ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *