
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম দাশড়া এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ গ্রাম হেরোইন ও ২ অ্যাম্পুল নেশার ইনজেকশনসহ তিনজনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (৩ আগস্ট) এই অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন— মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম দাশড়া এলাকার মো. শাকিল আহমেদ (২৭) ও মো. রাহুল (২২) এবং বোয়ালিয়া এলাকার মহিবুর (২০)।
অভিযানকালে তাদের কাছ থেকে ১ গ্রাম হেরোইন ও ২ অ্যাম্পুল নেশার ইনজেকশন জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মোর্শেদ আলম আটক ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক তিনটি মোবাইল কোর্ট মামলার প্রসিকিউশন দাখিল করেন। মামলার শুনানি শেষে ভ্রাম্যমাণ আদালত তাদের দোষী সাব্যস্ত করে এই রায় দেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান ও কঠোর আইনি পদক্ষেপ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
