
|| আন্তর্জাতিক ডেস্ক ||
উপসাগরীয় অঞ্চলে তীব্র সামরিক উত্তেজনার জেরে আন্তর্জাতিক বাজারে ফের বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম। এশিয়ার বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ৯২ ডলার ছাড়িয়ে গেছে।
সংবাদ সংস্থা এএফপি’র তথ্য অনুযায়ী, পারস্য উপসাগরীয় এলাকায় যুক্তরাষ্ট্রের রাডার ও আকাশ প্রতিরক্ষা স্থাপনায় ইরানের হামলার খবর প্রকাশ্যে আসার পরই বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের লাফ দেখা যায়।
বুধবার (২২ জুলাই) এশিয়ার বাজারে লেনদেন চলাকালে বিশ্ববাজারের মানদণ্ড ‘ব্রেন্ট অপরিশোধিত তেল’-এর দাম ১.২ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৯২.০৯ ডলারে পৌঁছায়। যা গত ১১ জুনের পর সর্বোচ্চ। অন্যদিকে, মার্কিন তেলের মানদণ্ড ‘ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট’ (ডব্লিউটিআই)-এর দাম ১.১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৫.২৩ ডলারে উঠে এসেছে।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সাথে নতুন করে সংঘাত শুরুর পর মঙ্গলবার তেহরান তাদের হামলার ব্যাপ্তি আরও বৃদ্ধি করে। সামরিক নির্দেশনা অমান্য করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করায় দুটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়ে সেগুলোর পথরোধের দাবি করেছে ইরান।
উল্লেখ্য, বিশ্বজুড়ে মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয় এই হরমুজ প্রণালী দিয়ে। গত ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা পাল্লা দিয়ে শুরু হওয়ার পর থেকেই এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ অবরুদ্ধ করে পশ্চিমাদের ওপর কৌশলগত চাপ তৈরির চেষ্টা চালিয়ে আসছে তেহরান।
