
|| আন্তর্জাতিক ডেস্ক ||
ইয়েমেনের হুতিদের অব্যাহত হামলার মুখে সৌদি আরবকে সহায়তার অংশ হিসেবে সম্মিলিত প্রতিরক্ষা ও ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ অবিলম্বে বাস্তবায়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সশস্ত্র বাহিনীর প্রধানরা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রিয়াদে আয়োজিত এক ত্রিপক্ষীয় বৈঠকে তিন দেশের সামরিক প্রধানরা এ বিষয়ে একমত হন বলে সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে জানা গেছে।
বৈঠকে সামরিক প্রধানরা রিয়াদের নিরাপত্তা পরিস্থিতি ও বিদ্যমান হুমকিগুলো পর্যালোচনা করেন। এ সময় পবিত্র নগরী মক্কাসহ সৌদি আরবের বেসামরিক ও অর্থনৈতিক অবকাঠামো লক্ষ্য করে চালানো হামলার তীব্র নিন্দা জানান তাঁরা। পাশাপাশি নাগরিকদের সুরক্ষায় সৌদি সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের প্রশংসাও করা হয়।
বৈঠকে গোয়েন্দা তথ্য আদান-প্রদান বৃদ্ধি, সামরিক সমন্বয় এবং যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যে সক্ষমতার সমন্বয় সাধনসহ নানা বিষয়ে আলোচনা হয়। তিন পক্ষই চুক্তিটির আওতায় গৃহীত প্রতিশ্রুতিগুলোকে কার্যকর সামরিক সহযোগিতায় রূপান্তরের বিষয়ে সংকল্প প্রকাশ করে।
একই দিনে সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে পৃথক সাক্ষাৎ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিন্স খালিদ জানান, মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় বেসামরিক ও অর্থনৈতিক অবকাঠামোর ওপর হওয়া হামলা মোকাবিলায় যৌথ প্রচেষ্টা অব্যাহত রাখার বিষয়ে উভয় দেশ সম্মত হয়েছে।
