
|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক মাদক কারবারির বসতবাড়ি থেকে প্রায় ১৭ ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে গাছটি কেটে নদীতে ফেলে দেওয়ার চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি। তবে ঘটনাস্থল থেকে বাড়ির মালিক মাদক কারবারি বাদশা মিয়া পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।
রবিবার (১৬ আগস্ট) উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের দুর্গম ইসলামপুর চরে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, ইসলামপুর গ্রামের মৃত তালেবুদ্দির ছেলে বাদশা মিয়া দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার পাশাপাশি নিজ বাড়িতে গাঁজার গাছ চাষ করে আসছিলেন। সুনির্দিষ্ট এমন তথ্যের ভিত্তিতে ভূরুঙ্গামারী থানা পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়।
ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন, ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিম উদ্দিন ও এএসআই জাহেদুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে বাদশা মিয়া গাছটি কেটে পাশের নদীতে ফেলে দেওয়ার চেষ্টা করেন। তবে পুলিশ দ্রুত তৎপর হয়ে কেটে ফেলা গাছটি উদ্ধার করতে সক্ষম হয়। পরে মেপে গাছটির উচ্চতা প্রায় ১৭ ফুট পাওয়া যায়।
অভিযানের সময় বাদশা মিয়া কৌশলে সটকে পড়লেও জিজ্ঞাসাবাদের জন্য তাঁর ছেলে ফারুক হোসেনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
দুর্গম চরাঞ্চলে অভিযান চালানো প্রসঙ্গে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। অপরাধীরা দুর্গম চরাঞ্চলে অবস্থান নিলেও পুলিশকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই।”
উদ্ধারকৃত গাঁজা গাছটি জব্দ করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং পলাতক বাদশা মিয়াকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
