বৃহস্পতিবার, এপ্রিল ১৬

বিশ্বশান্তির প্রত্যাশায় বর্ণাঢ্য আয়োজনে কেইউজে’র বর্ষবরণ

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

বিশ্বশান্তির প্রত্যাশা ও উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন করেছে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)। দিবসটি উপলক্ষে সংগঠনটির উদ্যোগে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাঙালির ঐতিহ্যবাহী আপ্যায়ন।

মঙ্গলবার নগরীর খুলনা প্রেসক্লাব অডিটোরিয়ামকে বৈশাখী সাজে সজ্জিত করা হয়। আয়োজনের অংশ হিসেবে অনুষ্ঠিত পান্তা উৎসবে সাংবাদিকদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও অংশ নেন।

কেইউজে সভাপতি মো. সাঈয়েদুজ্জামান সম্রাটের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মহেন্দ্রনাথ সেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতা, চিকিৎসক, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ সুশীল সমাজের প্রতিনিধিরা যোগ দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান। এছাড়া মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেন।

এ সময় বক্তারা বাংলা নববর্ষের ঐতিহ্য ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে সমাজে সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান। তারা বলেন, এ ধরনের আয়োজন মানুষের মধ্যে পারস্পরিক বন্ধন সুদৃঢ় করে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদারে ভূমিকা রাখে।

অনুষ্ঠানে খুলনা প্রেসক্লাব, খুলনা রিপোর্টার ইউনিটি, বিভিন্ন সাংবাদিক সংগঠনসহ নানা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পুরো আয়োজন জুড়ে ছিল প্রাণবন্ত পরিবেশ, যা অংশগ্রহণকারীদের মধ্যে বৈশাখের আনন্দকে আরও বেগবান করে তোলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *