
|| বিনোদন ডেস্ক ||
বরেণ্য তবলা শিল্পী পল্লব সান্যাল বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন। গত ২১ মে ২০২৫ তারিখে ‘পরম্পরা’ আয়োজিত ‘গানে দুজনে’ অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। সম্মাননা প্রদান করেন আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা ও সাব কন্টিনেন্টাল মিউজিক ডিপার্টমেন্টের প্রধান, প্রখ্যাত গজল শিল্পী ও শিক্ষক মনজুরুল ইসলাম।
সম্মাননাপ্রাপ্ত গুণী শিল্পী পল্লব সান্যাল পাবনা শহরে জন্মগ্রহণ করেন। মাত্র পাঁচ বছর বয়সে তাঁর বাবা শরীরের সান্যাল-এর কাছে তবলায় তাঁর হাতেখড়ি হয়। ১৯৮৫ সালে পিতৃবিয়োগের পর তিনি ঢাকায় কামরুজ্জামান মনী’র কাছে পুনরায় তালিম গ্রহণ শুরু করেন। ১৯৯৩ সাল থেকে নিজেকে পেশাদার তবলা শিল্পী হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা শুরু করেন তিনি। পরবর্তীতে ২০২৩ সাল থেকে উপমহাদেশের প্রখ্যাত তবলা শিল্পী পণ্ডিত কুমার বসুর কাছে পুনরায় তালিম নেওয়া শুরু করেন। বর্তমানে তিনি একজন অত্যন্ত জনপ্রিয় ও পেশাদার তবলা শিল্পী হিসেবে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন এবং একই সাথে গুরুর কাছে তালিমও নিচ্ছেন।
পল্লব সান্যাল মূলত একজন তবলা শিল্পী হলেও সুরকার ও সংগীত পরিচালক হিসেবেও বেশ সমাদৃত এবং তিনি অসাধারণ সুর করেন।
সম্মাননা প্রদান পর্ব শেষে মূল অনুষ্ঠানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান গেয়ে দর্শকদের মুগ্ধ করেন বরেণ্য সংগীতশিল্পী মনজুরুল ইসলাম ও সঞ্চিতা রাখি। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, গুণীজনদের সম্মানিত করার এমন মহতী উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং এই প্রচেষ্টাসমূহ সফলতা লাভ করবে।
