
|| নিজস্ব প্রতিবেদক ||
বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন জনাব মোহাম্মদ নুরুল আমিন। আজ রবিবার (২৪ মে) সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (কেন্দ্রীয় ব্যাংক-১ শাখা) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. সফি উল্লাহ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ কৃষি ব্যাংক আদেশ, ১৯৭৩ (১৯৭৩ সালের রাষ্ট্রপতির আদেশ নম্বর-২৭) এর অনুচ্ছেদ-০৭ অনুযায়ী এই নিয়োগ প্রদান করা হয়েছে। তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদে তার যোগদানের তারিখ হতে আগামী ০৩ (তিন) বছরের জন্য পরিচালক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে অবিলম্বে এই আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এই আদেশের অনুলিপি ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হয়েছে।
