Sunday, August 30

বিপর্যস্ত নেপালের পাশে দাঁড়ানো ও দেশে গ্যাস-বিদ্যুৎ-পানি সংকট নিরসনের দাবি ইসলামী ঐক্য আন্দোলনের

|| নিজস্ব প্রতিবেদক ||

নেপালের সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে গভীর সমবেদনা প্রকাশ করে অবিলম্বে দেশটির ক্ষতিগ্রস্ত জনগণের পাশে দাঁড়াতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়া। একইসঙ্গে তিনি বাংলাদেশে যেকোনো ধরনের প্রাকৃতিক বিপর্যয় ও সংকট থেকে দেশবাসীকে রক্ষার জন্য মহান আল্লাহর দরবারে খাস দোয়ার আহ্বান জানান এবং গ্যাস, বিদ্যুৎ ও পানি সংকট নিরসনে সরকারের কার্যকর পদক্ষেপ ও টেকসই পরিকল্পনা গ্রহণের জোর দাবি জানান।

শনিবার (২৯ আগস্ট) বাদ আসর রাজধানীর পুরানা পল্টনস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত নিয়মিত মাসিক ‘মজলিসে আমল’-এ সভাপতির স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভাপতির বক্তব্যে ইসলামী ঐক্য আন্দোলনের আমীর বলেন, “প্রতিবেশী বন্ধুপ্রতীম রাষ্ট্র নেপালে সাম্প্রতিক সময়ে যে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ ঘটেছে, তাতে বহু মানুষের প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা তাদের এই কঠিন বিপদে গভীর সমবেদনা ও দুঃখ প্রকাশ করছি। ইসলামী মানবিক মূল্যবোধ ও প্রতিবেশী রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধ থেকে বাংলাদেশ সরকারের উচিত অবিলম্বে নেপালের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং প্রয়োজনীয় ত্রাণ ও সহায়তা পাঠানো।”

আন্তর্জাতিক প্রসঙ্গ টেনে তিনি বলেন, “বিশ্বজুড়ে আজ নানা মানবিক ও প্রাকৃতিক সংকট মানবজাতিকে বিপর্যস্ত করছে। প্রতিটি দেশের উচিত সংকটকালে একে অপরের সহায়তায় এগিয়ে আসা।”

দেশের সার্বিক পরিস্থিতি ও বৈরী আবহাওয়া প্রসঙ্গে অধ্যাপক এরশাদ উল্যাহ বলেন, “আমাদের দেশকেও প্রতিনিয়ত বন্যা ও বিভিন্ন বৈরী আবহাওয়ার মুখোমুখী হতে হয়। যেকোনো প্রকার প্রাকৃতিক দুর্যোগ ও বন্যা থেকে প্রিয় জন্মভূমি ও দেশের মানুষকে রক্ষার জন্য আমাদের সর্বাবস্থায় মহান আল্লাহর কাছে তওবা ও সাহায্য প্রার্থনা করতে হবে। পাশাপাশি, বন্যা নিয়ন্ত্রণ ও প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় সরকারকে আগাম প্রস্তুতি ও টেকসই পদক্ষপ গ্রহণ করতে হবে।”

তিনি দেশের চলমান মৌলিক নাগরিক সংকটগুলোর দিকে ইঙ্গিত করে আরও বলেন, “বর্তমানে দেশের সাধারণ মানুষ তীব্র গ্যাস, বিদ্যুৎ ও পানি সংকটে ভুগছেন। জনজীবনের এই দুর্ভোগ আর বরদাশত করার মতো নয়। অবিলম্বে এসব মৌলিক সংকট সমাধান করে নিরবচ্ছিন্ন পরিষেবা নিশ্চিত করতে সরকারকে জরুরি উদ্যোগ নিতে হবে।”

সংগঠনের সেক্রেটারি জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসানের সঞ্চালনায় এই গুরুত্বপূর্ণ বৈঠকে বিগত মাসের গৃহীত ও বাস্তবায়িত বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি বিস্তারিত পর্যালোচনা করা হয় এবং আগামী মাসের কর্মসূচি চূড়ান্ত করা হয়।

বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুহাম্মাদ রুহুল আমীন, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মোস্তফা বশীরুল হাসান, কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারী মাওলানা ফারুক আহমদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ আবু বকর সিদ্দিক, তালীম ও তারবিয়াত সম্পাদক মুফতি মাওলানা মিজানুর রহমান আসলামী, মহিলা বিষয়ক সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন, শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম রোকন, অফিস সম্পাদক হাফেজ মাওলানা শহীদুল ইসলাম, শিক্ষা সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা কবি মুহাম্মাদ ওবায়দুল্লাহ, সদস্য মাওলানা আব্দুল কাদির ও মোস্তফা আল মুজাহিদসহ কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *