
|| অর্থ ও বাণিজ্য ডেস্ক ||
বাংলাদেশকে পূর্ণাঙ্গ সমর্থন দিতে বিশ্বব্যাংক প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণ, স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং মধ্য ও দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সরকারের গৃহীত নীতি ও কর্মসূচির সঙ্গে বিশ্বব্যাংক একমত পোষণ করেছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) থাইল্যান্ডের ব্যাংককে বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান অর্থমন্ত্রী।
আমির খসরু বলেন, বর্তমান সরকার যখন দায়িত্ব গ্রহণ করে, তখন দেশের অর্থনীতি মারাত্মক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল। আগের সময়কার বিভিন্ন দায়-দেনা ও বোঝার পাশাপাশি বৈশ্বিক যুদ্ধের প্রেক্ষাপট অর্থনৈতিক বিপর্যয় তৈরি করেছে। বিশ্বব্যাংক এই সার্বিক পরিস্থিতি অনুধাবন করতে পেরেছে এবং সরকার পরিস্থিতি সামাল দিতে যেসব পদক্ষেপ নিয়েছে, তাতে তারা সন্তোষ প্রকাশ করেছে।
বিশ্বব্যাংকের কাছে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার সহায়তার গুঞ্জন প্রসঙ্গে অর্থমন্ত্রী স্পষ্ট করে বলেন, সহায়তার বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, তবে আলোচনা একটি চলমান প্রক্রিয়া। সংবাদমাধ্যমে উঠে আসা কিছু প্রতিবেদন সঠিক নয় উল্লেখ করে তিনি জানান, বিশ্বব্যাংকের সঙ্গে ধারাবাহিকভাবে আরও কয়েকটি পর্বের বৈঠক ও মূল্যায়ন অনুষ্ঠিত হবে, যা চূড়ান্ত হতে কয়েক মাস সময় লাগতে পারে।
তিনি আরও বলেন, নতুন সরকারের নির্বাচনি ইশতেহার ও ভবিষ্যৎ অর্থনৈতিক কৌশলের সঙ্গে বিশ্বব্যাংকের অগ্রাধিকারের পূর্ণ সামঞ্জস্য রয়েছে। মূল্যস্ফীতি ও প্রবৃদ্ধির বিষয়ে অন্যান্য আন্তর্জাতিক সংস্থার পূর্বাভাসের বিষয়ে তিনি জানান, সরকার কারও প্রক্ষেপণ নিয়ে বিতর্ক সৃষ্টি করতে চায় না। বাজেটে ঘোষিত মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা অর্জন এবং অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকারের কর্মপরিকল্পনা অব্যাহত থাকবে।
