
|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন সভা কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন, বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা, উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা, জামায়াতের আমির আব্দুল মান্নান, অফিস সহকারী শাহিন আহমেদ, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওমর ফারুকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
বক্তারা কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা নিশ্চিতকরণ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং সমাজে নারী ও কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, কন্যাশিশুর নিরাপদ বেড়ে ওঠা, মানসম্মত শিক্ষা এবং সমান সুযোগ নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
আলোচনা সভায় কন্যাশিশুর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা এবং তাদের মেধা ও সম্ভাবনার বিকাশে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
