
|| জেলা প্রতিনিধি (নওগাঁ) ||
নওগাঁর বদলগাছী উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক গৃহবধূকে বেধড়ক মারধর, শ্লীলতাহানি এবং নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর অনুমান ১:৩০ ঘটিকায় উপজেলার মথুরাপুর ইউনিয়নের চকমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ মোছাঃ নুর বানু বাদী হয়ে প্রতিবেশী মোঃ আমিনুল ইসলাম (৪২) ও তার স্ত্রী মোছাঃ শাহানাজ বেগম (৩৫)-এর বিরুদ্ধে বদলগাছী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার সময় গৃহবধূর স্বামী বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা হাতে লাঠিসোটা নিয়ে বেআইনিভাবে বাড়িতে প্রবেশ করে। ১ নম্বর অভিযুক্ত আমিনুল ইসলাম গৃহবধূর চুল ধরে টেনেহেঁচড়ে মাটিতে ফেলে শ্লীলতাহানি ঘটায় এবং লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি মারধর করে। অভিযোগে আরও বলা হয়, মারধরের এক পর্যায়ে ২ নম্বর অভিযুক্ত শাহানাজ বেগম ভুক্তভোগীর বুকের ওপর বসে গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়।
পরবর্তীতে গৃহবধূর কান থেকে ৬ আনা ওজনের একজোড়া স্বর্ণের কানের দুল (আনুমানিক মূল্য ৬৭,৫০০ টাকা) ও গলা থেকে ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন (আনুমানিক মূল্য ৯০,০০০ টাকা) ছিনিয়ে নেওয়া হয়। একই সাথে অভিযুক্তরা ঘরের ভেতর ঢুকে ওয়ারড্রোবের ড্রয়ারে রাখা ধান বিক্রির নগদ ২,৫০,০০০ (দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা ছিনতাই করে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
গৃহবধূর ডাক-চিৎকারে পার্শ্ববর্তী রাজমিস্ত্রী মোঃ নাসির হোসেনসহ স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়ে। পরে ভুক্তভোগীকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। চিকিৎসা গ্রহণ ও পরিবারের সদস্যদের সাথে পরামর্শ করার কারণে থানায় লিখিত অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে বলে বাদী জানান। ভুক্তভোগী পরিবার এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
তবে অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে প্রধান অভিযুক্ত মোঃ আমিনুল ইসলাম বলেন, জমিজমা নিয়ে আমাদের মধ্যে বিরোধ রয়েছে এটা সত্য, কিন্তু সোনা-দানা কিংবা টাকা-পয়সা ছিনতাইয়ের মতো কোনো ঘটনা ঘটেনি। আমাদের বিরুদ্ধে মিথ্যা দাবি করা হচ্ছে।
এ বিষয়ে বদলগাছী থানার পুলিশ জানায়, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
