Saturday, August 1

প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপ বাধ্যতামূলক করার পরিকল্পনা করছি: ইউজিসি চেয়ারম্যান

|| এস এম রেদোয়ানুল হাসান | ইবি প্রতিনিধি ||

আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ বাধ্যতামূলক করার পরিকল্পনার কথা জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

শনিবার (১ আগস্ট) সকালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের সেন্ট্রাল ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

ইউজিসি চেয়ারম্যান বলেন, “বিশ্ববিদ্যালয় শুধু সনদ অর্জনের জায়গা নয়, একই সাথে দক্ষতা অর্জন করতে হয়। শিক্ষার্থীরা যাতে শিক্ষার্থী থাকা অবস্থাতেই ইন্ডাস্ট্রিতে নির্দিষ্ট সময় হাতে-কলমে কাজ করার সুযোগ পায়, সেই ব্যবস্থা করা হবে। এ ইন্টার্নশিপ বাধ্যতামূলক করা হবে এবং শিক্ষার্থীরা এর মাধ্যমে নির্দিষ্ট ভাতার আওতায় আসবে।”

শিক্ষার্থীদের ডিজিটাল লিটারেসি ও যোগাযোগ দক্ষতার ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, “প্রত্যেক শিক্ষার্থীর সমস্যা সমাধানের দক্ষতা ও প্রযুক্তিগত জ্ঞান থাকতে হবে। বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি ভাষায় যোগাযোগের সক্ষমতা অর্জনে গুরুত্ব দিতে হবে। আমরা এমন পরিবেশ তৈরি করছি যেন ডিজিটাল ট্রান্সফরমেশনের মাধ্যমে প্রান্তিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কুষ্টিয়ায় বসে বিশ্বের যেকোনো উন্নত বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত থাকতে পারে।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপদেষ্টা ড. মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, ইবি উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, ট্রেজারার অধ্যাপক ড. ইদ্রিস আলী এবং মালয়েশিয়া-বাংলাদেশ উন্নয়ন ও বাণিজ্য সম্পর্ক অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক মাহবুব আলম শাহ। অনুষ্ঠানে ওরিয়েন্টেশন বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *