
|| নিজস্ব প্রতিবেদক ||
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী, দেশবাসী এবং সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
আজ ‘আলোকিত দৈনিক’-এ পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়া ও সেক্রেটারি জেনারেল মোস্তফা তারেকুল হাসান এই শুভেচ্ছা জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ঈদুল আজহা মুসলমানদের মাঝে ত্যাগ, আত্মশুদ্ধি এবং আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণের এক মহান বার্তা নিয়ে আসে। হযরত ইব্রাহিম (আ.) ও হযরত ইসমাইল (আ.)-এর ত্যাগের ঐতিহাসিক আদর্শকে ধারণ করে সমাজ থেকে সব ধরনের অন্যায়, অবিচার ও বৈষম্য দূর করতে হবে।
নেতৃবৃন্দ আরও বলেন, ঈদের আনন্দ যেন শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং কোরবানির প্রকৃত শিক্ষা বুকে ধারণ করে সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রতিটি মুসলিমের নৈতিক দায়িত্ব। বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করে তারা দেশবাসীকে ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে একটি সুশৃঙ্খল ও আদর্শ সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান। একই সাথে তারা ত্যাগের এই পবিত্র উৎসবে সবার জীবনে সুখ, শান্তি ও অনাবিল আনন্দ বয়ে আনুক—এই দোয়া করেন।
