
|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সমাজকে মাদকমুক্ত, নিরাপদ ও সুন্দর করে তোলার লক্ষ্যে মাদক নির্মূল কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল, আলোচনা সভা ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে বানিয়াপাড়া ও ফকিরটারি যুব সমাজের নেতৃত্বে এবং মাদক নির্মূল কমিটির সদস্যদের সহযোগিতায় নাগেশ্বরী শহরে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নিকট স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ।

স্মারকলিপি প্রদান ও আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক সাব-রেজিস্ট্রার শহিদুল ইসলাম মুকুল, মাদক নির্মূল কমিটির উপদেষ্টা রুহুল আমিন, সৈয়দ আলী ও এম আই বাচ্চু, সমাজসেবক শফিকুল ইসলাম মানিক, মাদক নির্মূল কমিটির আহ্বায়ক ইসমাইল হোসেন, যুগ্ম আহ্বায়ক রঞ্জু মোক্তার ও শামীম এবং সদস্য সচিব সোহেল রানা মিন্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, নাগেশ্বরী উপজেলাটি ভারতীয় সীমান্ত ঘেঁষা হওয়ায় সাম্প্রতিক সময়ে এলাকায় ইয়াবা, ফেনসিডিল ও এসকাফ জাতীয় নেশাজাতীয় দ্রব্যের ব্যবহার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। মাদক থেকে যুবসমাজ ও পরিবারগুলোকে রক্ষা করতে বর্তমানে নাগেশ্বরী পৌরসভার প্রায় প্রতিটি ওয়ার্ডেই এ ধরনের মাদকবিরোধী প্রতিরোধ কমিটি গঠিত হচ্ছে।
