
|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সহ-সভাপতি আনিসুর রহমান আনিসকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ৭ সেপ্টেম্বর (সোমবার) ভোররাতে পৌর এলাকার মালভাঙ্গা ভাইভাই মোড়ের নিজ বাড়ি থেকে নাগেশ্বরী থানা পুলিশ তাঁকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আনিস নাগেশ্বরী পৌর এলাকার মালভাঙ্গা ভাইভাই মোড় এলাকার রফিকুল ইসলামের ছেলে। পুলিশ জানায়, তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্বরত ছিলেন। তাঁর বিরুদ্ধে নাগেশ্বরী থানায় গত বছরের জুলাই ও অক্টোবর মাসে সন্ত্রাস বিরোধী আইনে দুটি পৃথক মামলা রয়েছে। তিনি ওই দুই মামলার এজাহারনামীয় আসামি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে অটোরিকশাচালকদের মাঝে খাবার প্যাকেট বিতরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে ব্যাপক আলোচনার জন্ম দেন আনিস। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে তিনি জানান, দীর্ঘদিন আত্মগোপনে রংপুর থাকার সময়ে ১৫ আগস্টের কিছুদিন আগে মাহিগঞ্জ এলাকায় ভিডিওটি ধারণ করেন এবং পরবর্তীতে ১৫ আগস্ট ভিডিওটি ফেসবুকে আপলোড করেন। পুলিশ ভিডিওচিত্র নিশ্চিত হওয়ার পর এ অভিযান পরিচালনা করে।
এ বিষয়ে নাগেশ্বরী থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
