মঙ্গলবার, মে ১৯

নওগাঁয় সাংবাদিকদের মর্যাদাহানি ও ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

|| সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||

নওগাঁয় কর্মরত পেশাদার সাংবাদিকদের মানহানি, আদালত অবমাননা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উদ্দেশ্যপ্রণোদিত অপতৎপরতা ও মিথ্যা প্রচারণার বিরুদ্ধে এক বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টায় নওগাঁ শহরের মুক্তির মোড়স্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধনের আয়োজন করেন নওগাঁ জেলায় কর্মরত প্রিন্ট, অনলাইন ও টেলিভিশন সাংবাদিকবৃন্দ।

​মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি চক্র দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ের সৎ ও সাহসী পেশাদার সাংবাদিকদের লক্ষ্য করে ফেসবুকে নানা রকম মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে সামাজিকভাবে তাঁদের হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালাচ্ছে। এই অপতৎপরতা শুধু সাংবাদিকদের মর্যাদাহানি করছে না, বরং মুক্ত সাংবাদিকতার পরিবেশকেও মারাত্মকভাবে বাধাগ্রস্ত করছে। একই সাথে আদালত অবমাননাকর কর্মকাণ্ডের মাধ্যমে তারা আইনের শাসনকেও বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে।

​মানববন্ধনে অংশগ্রহণকারী সাংবাদিকরা ফেসবুকে অপপ্রচারকারী মূল অভিযুক্ত সিফাত ও সুলতানসহ এই চক্রের সাথে জড়িত সকল অপরাধীকে অনতিবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।
​বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অনতিবিলম্বে যদি এই অপপ্রচারকারীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা না হয়, তবে নওগাঁর সাংবাদিক সমাজ আগামীতে আরও কঠোর ও ধারাবাহিক আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে।

​উক্ত মানববন্ধনে জেলায় কর্মরত বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিক পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল এবং স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের সাংবাদিক, জেলা প্রতিনিধি, ক্যামেরা পারসনসহ স্থানীয় সচেতন নাগরিক সমাজ সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *