Saturday, July 18

দৌলতপুরে দেশীয় মাছ রক্ষায় অভিযান: ১৮০টি চায়না দুয়ারি ও কারেন্ট জাল ধ্বংস

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে যমুনা নদীতে দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য দপ্তর।অভিযানে প্রায় ৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ ১৮০টি চায়না দুয়ারি জাল ও ২টি কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

উপজেলার যমুনা নদীবেষ্টিত চরকাটারি, বাচামারা ও বাঘুটিয়া ইউনিয়ন এলাকায় মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০ বাস্তবায়নের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, দিনব্যাপী অভিযানে নদী থেকে ১৮০টি অবৈধ চায়না দুয়ারি জাল এবং ২টি কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে সাত লাখ টাকা। অভিযান পরিচালনা করেন দৌলতপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী।

এ সময় বাংলাদেশ পুলিশ এবং উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সর্বসাধারণের উপস্থিতিতে জব্দকৃত অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী বলেন, “দেশীয় প্রজাতির মাছের প্রজনন, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং নদী রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। দেশীয় মাছের বংশবৃদ্ধির স্বার্থে অবৈধ মৎস্য আহরণ বন্ধে আমরা কোনো ছাড় দেব না।”

উপজেলা মৎস্য দপ্তর নদী ও জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ করতে স্থানীয় জেলে ও সাধারণ মানুষসহ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *