Wednesday, November 18

দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম

|| অর্থ ও বাণিজ্য ডেস্ক ||

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বুধবার (১৮ নভেম্বর) সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এর আগে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা।

নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫ হাজার ৬৯৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৬ হাজার ৭১০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৪ হাজার ৩৪২ টাকা।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপা ২৯০ টাকা, ২১ ক্যারেটের প্রতি গ্রাম ২৭৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি গ্রাম ২৩৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রুপার দাম ১৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস স্পষ্ট করেছে যে, স্বর্ণ ও রুপার নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে; তাই ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে কোনো ভ্যাট আদায়ের সুযোগ নেই। তবে অলংকারের নকশা ও ধরন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে।

বাজুসের তথ্যমতে, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ১৩৯ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৫ দফা দাম বাড়ানো হয়েছে, ৭৩ দফা কমানো হয়েছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *