Saturday, September 5

তজুমদ্দিনে বাগানের কাজ করতে বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫

|| তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি ||

ভোলার তজুমদ্দিনে বাগানের জঙ্গল পরিষ্কার করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার চাঁদপুর ইউনিয়নের আড়ালিয়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার সকালে মো. হাসনাইন কয়েকজন লোক নিয়ে নিজ বাগানের জঙ্গল পরিষ্কার করছিলেন। এ সময় একই এলাকার হাসানুজ্জামানের ছেলে মো. আলম ও তার স্ত্রী মরিয়ম বেগম লাঠিসোঁটা নিয়ে হাসনাইনের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়।

হাসনাইনের ডাক-চিৎকার শুনে তার মা ও খালারা ঘটনাস্থলে এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে। পরে আত্মীয়-স্বজনরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে অভিযুক্ত মো. আলমের বক্তব্য জানতে তার ব্যবহৃত মুঠোফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।

তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানান, মারামারির ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *