
|| আলোকিত দৈনিক ডেস্ক ||
গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় সরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস ইন্টারন্যাশনালের এক স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে কাজ করছে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এবং তাদের সহায়তায় আরও আটটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।
আজ বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের ইউনিটগুলো রওয়ানা হয়ে সকাল ১০টা ২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন যেন আশপাশের এলাকায় ছড়িয়ে পড়তে না পারে সে লক্ষ্যে ফায়ার সার্ভিস দ্রুত ও সমন্বিতভাবে কাজ চালিয়ে যাচ্ছে।
