
|| অনলাইন ডেস্ক ||
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী হিসেবে এটিই হতে যাচ্ছে তাঁর প্রথম ভাষণ।
বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টায় (স্থানীয় সময় বিকেল ৫টা) নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিতব্য অধিবেশনে তিনি ভাষণ দেবেন। নিউ ইয়র্কের ‘হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল’ হোটেলে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন।
উপদেষ্টা জানান, প্রধানমন্ত্রী দেশের মানুষের আবেগ, অনুভূতি ও আকাঙ্ক্ষাকে ধারণ করে বাংলা ভাষায় তাঁর বক্তব্য উপস্থাপন করবেন। এর মাধ্যমে তিনি তাঁর বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পর একই পরিবারের তৃতীয় ব্যক্তি হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার নতুন ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছেন।
জাতিসংঘের এই সর্বোচ্চ বৈশ্বিক মঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু তুলে ধরবেন। তাঁর বক্তব্যে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, উন্নয়ন সহযোগিতা, অর্থনৈতিক সম্ভাবনা এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের বিষয়গুলো প্রাধান্য পাবে।
ভাষণের পাশাপাশি এদিন সকালে প্রধানমন্ত্রী সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে সৃষ্ট অস্তিত্বগত হুমকি মোকাবিলা সংক্রান্ত এক উচ্চপর্যায়ের সভায় উদ্বোধনী বক্তব্য দেবেন। সভাটির আমন্ত্রণ জানিয়েছেন এবারের অধিবেশনের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। উল্লেখ্য, ৮১তম সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, যা এবারের অধিবেশনকে বাংলাদেশের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ করে তুলেছে।
জাতিসংঘের এই সফরকালে প্রধানমন্ত্রী বিশ্বনেতাদের সাথে একাধিক উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক ও বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
