
|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
কুড়িগ্রামের চিলমারীতে বৃদ্ধ বাবা আঃ সাত্তার ও তাঁর ছেলে শাওনের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন পালন করেছেন এলাকাবাসী। বুধবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১২টায় অনুষ্ঠিত এই মানববন্ধন থেকে অভিযুক্ত মামলাবাজ মোছাঃ ফজিলা বেগমের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়।
জানা যায়, গত ২২ জুলাই চিলমারী আমলি আদালতে বাবা আঃ সাত্তার ও ছেলে শাওনের বিরুদ্ধে মামলা রুজু করেন উপজেলার বালাবাড়ীহাট রেলস্টেশন এলাকার ফজিলা বেগম। পারিবারিক ও সীমানা বিরোধের জেরে গত ২২ মে রেললাইন পার হওয়ার সময় পিছলে পড়ে হাত ভেঙে আঘাত পান তিনি। পরে চিকিৎসাসংক্রান্ত তথ্য ব্যবহার করে পূর্ব শত্রুতার জেরে নিরপরাধ বাবা- ছেলেকে ফাসাতে আদালতে অভিযোগ করেন। আদালত পাঁচজনের নাম বাদ দিয়ে চিলমারী মডেল থানাকে তদন্তের নির্দেশ দেন। মামলা দায়েরের পর থেকে মুদির দোকানদার সাত্তার ও তাঁর ছেলে জামিন না পেয়ে পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন।
সরেজমিনে গিয়ে ও স্থানীয় সূত্রে জানা গেছে, কোনো মারামারির ঘটনা ঘটেনি। বাদী ফজিলা বেগম অন্ধকার ও বৃষ্টিতে রেললাইন পার হওয়ার সময় পড়ে গিয়ে ডান হাতের কবজিতে চোট পান। পরবর্তীতে কুখ্যাত কিছু ব্যক্তির প্ররোচনায় তিনি এই মামলাটি দায়ের করেন। ইতিপূর্বেও একাধিক মিথ্যা মামলা করে হয়রানি করার কারণে তিনি সমাজচ্যুত হন এবং এলাকা পরিবর্তন করতে বাধ্য হন।
এ বিষয়ে চিলমারী মডেল থানার তদন্ত কর্মকর্তা এসআই আরিফ জানান, প্রকৃতপক্ষে সেখানে মারামারির কোনো ঘটনাই ঘটেনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন কুমার জানান, তদন্তে দেখা গেছে বাদী নিজে নিজেই আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, কোনো অপরাধী তাঁকে আঘাত করেনি।
মানববন্ধন থেকে স্থানীয়রা নিরীহ সাত্তার ও শাওনের অবিলম্বে অব্যাহতি দাবি জানান এবং মামলাবাজ ফজিলা বেগমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
