Saturday, August 15

চিলমারীতে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক চেয়ারপারসন, আপসহীন নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী এবং তাঁর মৃত্যুর পর প্রথম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টায় কুড়িগ্রামের চিলমারী উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল বারী সরকারের সভাপতিত্বে এবং সদস্য সচিব আবু হানিফার সঞ্চালনায় অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম, সাদাকাত সাজু, জোবায়দুল হক, সদস্য বদরুদ্দোজা বুলু, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল করিম, সামসুদ্দীন, রানজু, যুবদলের আহ্বায়ক ইউনুস, সাবেক সভাপতি আমজাদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আখতারুজ্জামান এবং ছাত্রদলের সদস্য সচিব মিনহাজসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলের পূর্বে উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল বারী সরকার বলেন, “দেশমাতা বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের উজ্জ্বল নক্ষত্র। দেশনেত্রীর অম্লান স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিটি সংগ্রামে তাঁর আপসহীন নেতৃত্ব কোটি মানুষের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তিনি আমাদের মাঝে শারীরিকভাবে না থাকলেও তাঁর আদর্শ ও দেশপ্রেম প্রজন্ম থেকে প্রজন্মে আলো ছড়াবে।”

আলোচনা শেষে মহান আল্লাহর দরবারে প্রয়াত দেশনেত্রীর রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে কর্মসূচিতে উপস্থিত নেতাকর্মীদের মাঝে তবারক বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *