Sunday, August 9

খুলনায় ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি, জ্বালানি ও নিত্যপণ্যের দাম কমানোর দাবি

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রত্যাহার, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণ এবং জনদুর্ভোগ কমাতে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় ঐক্য খুলনা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে চার দফা দাবি তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের অযৌক্তিক মূল্যবৃদ্ধি বাতিল, নিত্যপণ্যের বাজারে নজরদারি বাড়ানো, সিন্ডিকেট ও মজুতদারির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা এবং কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের দমন। একই সঙ্গে বাজার তদারকি কার্যক্রম নিয়মিত ও জোরদার করা এবং নিম্ন আয়ের মানুষের জন্য ন্যায্যমূল্যে খাদ্য ও প্রয়োজনীয় পণ্য সরবরাহের পরিধি বাড়ানোর দাবি জানানো হয়।

স্মারকলিপি প্রদানকে কেন্দ্র করে দুপুরে নগরীর শহীদ হাদিস পার্কে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা সমবেত হন। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে যান। সেখানে কিছু সময় অবস্থান শেষে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের কক্ষে গিয়ে স্মারকলিপি হস্তান্তর করে।

এ সময় নেতারা বিদ্যুতের দাম বৃদ্ধি, ভূতুড়ে বিল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তাদের দাবি, জ্বালানি ও গ্যাসের সংকট এবং ক্রমবর্ধমান মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের আয়-ব্যয়ের ভারসাম্য নষ্ট হয়ে গেছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের জীবনযাপন দিন দিন কঠিন হয়ে উঠছে।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ১১ দলীয় ঐক্যের খুলনা সমন্বয়কারী অ্যাডভোকেট শাহ আলম, বাংলাদেশ খেলাফত মজলিসের খুলনা মহানগর সভাপতি মুফতি শরীফ সাঈদুর রহমান, লেবার পার্টির মহানগর সভাপতি অধ্যক্ষ মো. সাইফুদ্দোহা, জাগপার খুলনা জেলা সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, ইসলামী ছাত্রশিবিরের মহানগর সভাপতি রাকিব হাসান, খুলনা মহানগরী জামায়াতের আজিজুল ইসলাম ফারাজী, মহানগরী জামায়াতের প্রচার ও মিডিয়া সেক্রেটারি মুহাম্মদ আব্দুল গফুর, অধ্যাপক ইকবাল হোসেন, লেবার পার্টির মহানগর সাধারণ সম্পাদক সোহেল হাওলাদার, খুলনা সদর থানা আমীর এস এম হাফিজুর রহমান এবং খালিশপুর থানা আমীর মুহা. আব্দুল্লাহ আল মামুনসহ জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ১১ দলীয় ঐক্যের খুলনার আহবায়ক ও মহানগরী জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান।

তিনি বলেন, দেশের চলমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি ও বিদ্যুতের বাড়তি ব্যয় এবং নানা ধরনের জনদুর্ভোগ মানুষের জীবনকে কঠিন করে তুলছে। এসব সমস্যা সমাধানে সরকার কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

মাহফুজুর রহমান বলেন, মানুষের দুর্ভোগ কমাতে দ্রুত বাস্তবভিত্তিক পদক্ষেপ নিতে হবে। জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির বিষয়টি দ্রুত পুনর্বিবেচনার পাশাপাশি নিত্যপণ্যের বাজারে সিন্ডিকেট ও মজুতদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, জনগণের মৌলিক দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা না হলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে। দাবি আদায়ে প্রয়োজন হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *