বৃহস্পতিবার, জুন ২৫

খুলনায় ১ লাখ ৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে খুলনা সিটি করপোরেশনের উদ্যোগে বৃহস্পতিবার (২৫ জুন) নগরীর শেরে বাংলা রোডস্থ নগর স্বাস্থ্য ভবনের সম্মেলনকক্ষে সাংবাদিক অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টিজনিত শিশুমৃত্যু প্রতিরোধের লক্ষ্যে আগামী ২৮ জুন সারাদেশের মতো খুলনা মহানগরীতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালিত হবে। এদিন ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (এক লাখ আইইউ) এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (দুই লাখ আইইউ) খাওয়ানো হবে। পাশাপাশি শিশুর বয়স ছয় মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানোর বিষয়ে পুষ্টি বার্তা প্রচার করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি রাতকানা রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে ক্যাম্পেইন সফল করার আহ্বান জানান।

খুলনা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মেহেদী হাসান, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলামসহ প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, মহানগরীতে মোট ১ লাখ ৮ হাজার ৯৫২ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা ১২ হাজার ৩৩৭ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ৯৬ হাজার ৬৫৫ জন।

ক্যাম্পেইন বাস্তবায়নে সিটি করপোরেশনের ৩১টি ওয়ার্ডে ১ হাজার ৪২০ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। এছাড়া ৫৮০টি ওয়ার্ডভিত্তিক কেন্দ্র, ৮০টি মোবাইল কেন্দ্র, ৫০টি এনজিও পরিচালিত কেন্দ্রসহ মোট ৭১০টি কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। সার্বিক কার্যক্রম তদারকিতে ৬২ জন সুপারভাইজার নিয়োজিত থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *