বুধবার, মে ১৩

খুলনায় নির্মাণাধীন সুউচ্চ ভবন নিয়ে বাড়ছে জল্পনা

|| এস এম শাহরিয়ার। জেলা প্রতিনিধি (খুলনা) ||

বৈকালী এলাকার একটি নির্মাণাধীন বহুতল ভবন ঘিরে নগরজুড়ে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। বিশাল আকৃতির ভবনটি দূর থেকেই নজর কাড়ছে। ফলে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে স্থানীয়দের আড্ডায়ও এখন আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে এই স্থাপনাটি।

স্থানীয়দের দাবি, ভবনটি প্রায় ৩২ তলা হতে পারে। নির্মাণ শেষ হলে এটিই খুলনা মহানগরীর সবচেয়ে উঁচু ভবন হিসেবে পরিচিতি পাবে বলে ধারণা করা হচ্ছে। বিভিন্ন মহলে এটিকে আন্তর্জাতিক মানের ফাইভ স্টার হোটেল প্রকল্প বলেও আলোচনা রয়েছে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বড় বয়রা ও বৈকালী এলাকার বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরেই ভবনটির নির্মাণকাজ চলছে। প্রতিদিন সেখানে শ্রমিক ও ভারী যন্ত্রপাতির ব্যস্ততা দেখা যায়। ভবনের দৃশ্যমান অংশ ইতোমধ্যে নগরীর বিভিন্ন স্থান থেকে দেখা যাচ্ছে, যা নতুন স্থাপত্য আকর্ষণ হিসেবে মানুষের নজর কাড়ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্য অনুযায়ী, বর্তমানে ভবনটির প্রায় ২৯টি তলা দৃশ্যমান। বেজমেন্ট ও অন্যান্য অবকাঠামো মিলিয়ে মোট তলার সংখ্যা ৩২ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রকল্পের প্রকৃত উচ্চতা কিংবা ব্যবহার নিয়ে এখনো নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।

স্থানীয় ব্যবসায়ীদের মতে, প্রকল্পটি চালু হলে খুলনায় পর্যটন, আবাসন ও বাণিজ্যিক খাতে ইতিবাচক প্রভাব পড়তে পারে। আধুনিক হোটেল ও বিনোদন সুবিধা গড়ে উঠলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পর্যটক ও ব্যবসায়ীদের আগমনও বাড়বে বলে তারা আশা করছেন।

এদিকে নগর পরিকল্পনাবিদরা বলছেন, এত উচ্চতার ভবন নির্মাণে অগ্নিনিরাপত্তা, ভূমিকম্প সহনশীলতা, যানবাহন ব্যবস্থাপনা ও পরিবেশগত বিষয়গুলো সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন।

তবে এখনো পর্যন্ত ভবনটির মালিকানা, নির্মাণ ব্যয়, প্রকল্পের সময়সীমা কিংবা আনুষ্ঠানিক নাম প্রকাশ না হওয়ায় কৌতূহলের পাশাপাশি নানা প্রশ্নও ঘুরপাক খাচ্ছে নগরবাসীর মনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *