রবিবার, এপ্রিল ২৬

খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলা, বিক্ষোভ ও সড়ক অবরোধ

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

খুলনা প্রেস ক্লাবে ঢুকে কর্মরত সাংবাদিকদের ওপর হামলা, হুমকি ও লাঞ্ছিতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন কয়েকজন সাংবাদিক। পরে ক্ষুব্ধ সাংবাদিকরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন।

রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একদল দুর্বৃত্ত হঠাৎ করে খুলনা প্রেস ক্লাবে প্রবেশ করে সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে তর্কে জড়ায়। এ সময় তারা নির্বাচনকেন্দ্রিক প্রচারণার বিষয় নিয়ে উত্তেজিত আচরণ করতে থাকে। একপর্যায়ে তারা সভাপ‌তি প্রার্থী মোস্তফা সরোয়ারের নাম ধরে ডাকাডাকি ও গালিগালাজ শুরু করে।

এর মধ্যেই এখন টেলিভিশনের খুলনা ব্যুরো প্রধান ও দৈনিক সময়ের খবরের সম্পাদক তরিকুল ইসলাম সহ অন্য সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়। এতে কয়েকজন সাংবাদিক আহত হন।

ঘটনার পরপরই প্রেস ক্লাবে অবস্থানরত সাংবাদিকরা প্রতিবাদে ফেটে পড়েন এবং তাৎক্ষণিকভাবে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন। পরে তারা সড়ক অবরোধ করে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এতে আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিক্ষোভ কর্মসূচিতে সভাপতিত্ব করেন খুলনা প্রেস ক্লাবের আহ্বায়ক এনামুল হক। তিনি বলেন, সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা স্বাধীন গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত। অবিলম্বে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।

সংহতি প্রকাশ করে বক্তব্য দেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা। তিনি বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। হামলাকারীদের দ্রুত শনাক্ত করে শাস্তি নিশ্চিত করতে হবে।

সাংবাদিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তারা দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেপ্তারেরও দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *