সোমবার, এপ্রিল ২০

খুলনা নগরীতে হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

খুলনা মহানগরীতে হাম-রুবেলা প্রতিরোধে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে নগরীর কাস্টমঘাট এলাকার আমিরা বানু বেগম নগর মাতৃসদনে এক শিশুকে টিকা প্রয়োগের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, দেশে হামের সংক্রমণ বেড়ে যাওয়ায় বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। শিশুদের সুরক্ষায় অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোভিড মোকাবেলার মতোই সম্মিলিত উদ্যোগে এ সংক্রমণ প্রতিরোধ সম্ভব।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় নগরীতে নির্ধারিত সময়সূচি অনুযায়ী এ কার্যক্রম চলবে। প্রথম পর্যায়ে বিভিন্ন টিকাকেন্দ্রে এবং পরবর্তী সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে টিকা প্রদান করা হবে।

নগরীর ৩১টি ওয়ার্ডকে চারটি জোনে ভাগ করে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে সুপারভাইজার, টিকাদান কর্মী ও স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে একাধিক টিম মাঠে কাজ করছে। কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী প্রায় ৯৪ হাজার শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা পূরণে সর্বাত্মক প্রচেষ্টার কথা জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *