
|| নিজস্ব প্রতিবেদক ||
ইসলামী ঐক্য আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে সারারাতব্যাপী নৈশ ইবাদত এবং এক বিশেষ তালিম ও তারবিয়াত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) বাদ মাগরিব থেকে স্থানীয় দারুল আসফাক আল ইসলামিয়া মাদ্রাসায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কুষ্টিয়া জেলা শাখার আমীর আতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জ্ঞানগর্ভ আলোচনা পেশ করেন সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুহাম্মাদ রুহুল আমীন। তিনি বলেন, দ্বীন প্রতিষ্ঠা কেবল একটি রাজনৈতিক লক্ষ্য নয়, বরং এটি নবীদের সুন্নত ও আল্লাহ প্রদত্ত অন্যতম প্রধান বিধান। পবিত্র কুরআনের উদ্ধৃতি দিয়ে তিনি উল্লেখ করেন, আল্লাহ তায়ালা দ্বীন প্রতিষ্ঠার জন্য ইকামতে দ্বীনের যে রূপরেখা দিয়েছেন, তা বাস্তবায়নে নবী-রাসূলগণ আজীবন সংগ্রাম করেছেন। রাসূলুল্লাহ (সা.)-এর সুন্নাহ ও সাহাবায়ে কেরামের অনুসৃত পদ্ধতিতেই বর্তমান সমাজ ও রাষ্ট্রে তা কায়েম করতে হবে। তিনি আরও বলেন, হক ও বাতিলের এই দ্বন্দ্বে ধৈর্য এবং হিকমতের মাধ্যমে কাজ করা প্রত্যেক কর্মীর ঈমানি দায়িত্ব।
বিশেষ অতিথির বক্তব্যে সেক্রেটারি জেনারেল মোস্তফা তারেকুল হাসান সাম্প্রতিক বিশ্ব রাজনীতির জটিল প্রেক্ষাপট তুলে ধরে বলেন, বর্তমান অস্থির বিশ্ব পরিস্থিতিতে মুসলিম উম্মাহকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে। ভূ-রাজনীতির মারপ্যাঁচ বুঝে ঈমানি চেতনা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক বলেন, যেকোনো আন্দোলনের মূল শক্তি হলো এর শৃঙ্খলা এবং নেতৃত্বের প্রতি পূর্ণ আনুগত্য। নিয়মবহির্ভূত কাজ সংগঠনকে দুর্বল করে, তাই প্রতিটি কর্মীকে শৃঙ্খলার বলয়ে থেকে দায়িত্ব পালন করতে হবে।
জেলা সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেনের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা শাখার সিনিয়র নায়েবে আমীর সাইফুল ইসলাম সায়েম, সাংগঠনিক সম্পাদক হাফেজ আব্দুল আলিম, অর্থ সম্পাদক আকরাম হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা শফিকুল ইসলামসহ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
এছাড়া বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মোঃ জুবায়ের আহমেদ ও ইবি শাখার সভাপতি মোঃ মাহমুদুল হাসানসহ ছাত্র সংগঠনের প্রতিনিধিরা এতে অংশ নেন। গভীর রাত পর্যন্ত চলা এই বিশেষ প্রশিক্ষণ প্রোগ্রামে বক্তারা কর্মীদের জ্ঞান চর্চা ও আধ্যাত্মিক উন্নতির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। বাদ ফজর দারসুল কুরআন ও দারসুল হাদীসের মাধ্যমে সারারাতব্যাপী চলা এই প্রশিক্ষণ ক্যাম্পের সমাপ্তি করা হয়।
