রবিবার, মে ১০

ঢাবিতে সুফি গবেষক খাজা ওসমান ফারুকীর দুই গ্রন্থের মোড়ক উন্মোচন

|| নিজস্ব প্রতিবেদক ||

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সেমিনার রুমে প্রখ্যাত সুফি গবেষক খাজা ওসমান ফারুকী রচিত গবেষণাধর্মী গ্রন্থ ‘সুফিনামা : তাসাউফের দর্শন, ঐতিহ্য ও চেতনার জ্ঞানতাত্ত্বিক বিশ্লেষণ’ এবং কাব্যগ্রন্থ ‘অস্তিত্বের আদিম সুর’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১০ মে) সুফি সেন্টারের উদ্যোগে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দর্শন বিভাগের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. শাহ কাওসার মুস্তফা আবুলউলায়ীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সিনিয়র অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ড. মুমিত আল রসিদ, উর্দু বিভাগের চেয়ারম্যান ড. গোলাম মাওলা এবং প্রফেসর ড. মোহাম্মদ বাহাউদ্দিন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আধ্যাত্মিক দর্শন, সাহিত্য ও মানবিক চেতনার বিকাশে গবেষণাধর্মী ও সৃজনশীল কাজের বিকল্প নেই। তারা ‘সুফিনামা’ গ্রন্থটিকে বাংলা ভাষায় তাসাউফ ও জ্ঞানতাত্ত্বিক আলোচনার ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে অভিহিত করেন। পাশাপাশি ‘অস্তিত্বের আদিম সুর’ কাব্যগ্রন্থের কবিতাগুলোতে আত্মঅন্বেষণ ও আধ্যাত্মিক অনুভবের গভীর প্রকাশ ঘটেছে বলে তারা মত প্রকাশ করেন।

সুফি সেন্টারের পক্ষ থেকে জানানো হয়, আধুনিক প্রজন্মের কাছে জ্ঞান, প্রজ্ঞা ও মানবিক মূল্যবোধকে গবেষণাভিত্তিকভাবে পৌঁছে দিতেই এই প্রকাশনা কার্যক্রম। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি, উর্দু, ইসলামিক স্টাডিজ ও ফারসি বিভাগের শিক্ষক, গবেষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সবশেষে অতিথিবৃন্দ নতুন প্রকাশিত বই দুটির সাফল্য কামনা করে মোড়ক উন্মোচন সম্পন্ন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *