Sunday, August 30

কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে ড. প্রিয়াংকা গোপ ও বর্ণালী সরকারের দ্বৈত নিবেদন

|| বিনোদন প্রতিবেদক (ঢাকা) ||

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সম্প্রতি রিলিজ হয়েছে কাজী নজরুল ইসলামের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের বিশেষ গান “হে প্রিয় আমারে দিব না ভুলিতে”। গানটিতে কণ্ঠ দিয়েছেন এই প্রজন্মের অত্যন্ত শ্রোতাপ্রিয় দু’জন সংগীতশিল্পী, ড. প্রিয়াংকা গোপ ও বর্ণালী সরকার। গানটির সঙ্গীত পরিচালনা করেছেন তরুণ সঙ্গীত পরিচালক জাহাঙ্গীর আলম শ্রাবণ।

নজরুলের সৃষ্টিকর্মের প্রতি নতুন প্রজন্মের আগ্রহ তৈরি এবং তাঁর কালজয়ী সৃষ্টিকে নতুন আঙ্গিকে শ্রোতাদের মাঝে তুলে ধরার লক্ষ্যেই এই আয়োজন। নজরুলের গান ও দর্শনের মূল আবেগ ও সৌন্দর্য অক্ষুণ্ণ রেখে সমকালীন সঙ্গীত ভাবনার সঙ্গে মিল রেখে গানটির সঙ্গীতায়োজন করা হয়েছে।

গানটির শিল্পীদ্বয় প্রিয়াংকা গোপ ও বর্ণালী সরকার তাঁদের স্বতন্ত্র গায়কী ও আবেগঘন পরিবেশনার মধ্য দিয়ে গানটিকে ভিন্ন মাত্রা দিয়েছেন। দুই শিল্পীর কণ্ঠের বৈচিত্র্য এবং পারস্পরিক সংলাপধর্মী পরিবেশনা গানটির আবেগকে আরও গভীর করেছে।

সঙ্গীতশিল্পী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান  ড. প্রিয়াঙ্কা গোপ বলেন, “নজরুলের সৃষ্টিকে নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে পৌঁছে দিতে হলে ঐতিহ্যকে সম্মান করার পাশাপাশি সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সঙ্গীত ভাবনাও জরুরি”। একই সুরে সংগীত পরিচালক জাহাঙ্গীর আলম শ্রাবণ বলেন, “নজরুলের গান নিয়ে কাজ করা একই সঙ্গে আনন্দের ও দায়িত্বের। সেই ভাবনা থেকেই ‘হে প্রিয় আমারে দিবো না ভুলিতে’ গানটির সঙ্গীতায়োজন করা হয়েছে”।

শিল্পী বর্ণালী সরকার বলেন, “নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে যখন কবির সাহিত্য, সংগীত ও জীবনদর্শন নিয়ে নানা আয়োজন চলছে, ঠিক সেই সময়ে প্রকাশিত এই গানটি নজরুলপ্রেমী শ্রোতাদের জন্য একটি বিশেষ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে”।

বাংলা সাহিত্য ও সংগীতের ইতিহাসে কাজী নজরুল ইসলামের অবদান অনন্য। প্রেম, দ্রোহ, মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িকতার চেতনায় তাঁর সৃষ্টিকর্ম আজও সমানভাবে প্রাসঙ্গিক। তাই কবির মৃত্যুবার্ষিকীতে তাঁর সৃষ্টিকে নতুন প্রজন্মের শিল্পীদের কণ্ঠে ও নতুন সংগীত ভাবনায় উপস্থাপনের এই উদ্যোগ নজরুলের সৃষ্টিকে নতুন করে শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ প্রয়াস।

কবির বিখ্যাত এই গানটির নতুন আয়োজনে শিল্পীদ্বয়ের সাথে সেতার সংগত করেন জাহাঙ্গীর আলম শ্রাবণ, তবলায় অপূর্ব দেব, বাঁশিতে মামুনুর রশীদ, মিক্সি ও মাস্টারিং এ ইফতে খাইরুল আলম শুভ।

Orange business development (Orangebd) এর সহযোগিতায় নির্মিত এই আয়োজনটি উন্মুক্ত করা হয়েছে বিভিন্ন অনলাইন প্লাটফর্মসহ Covered By Shraban, Priyanka gope official ও Barnali Sarkar এর ইউটিউব চ্যানেলে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *