
|| আলোকিত দৈনিক ডেস্ক ||
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। সারাদেশে মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।
সোমবার (১০ আগস্ট) সকাল সোয়া ১০টায় সচিবালয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন। এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিনসহ সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
ঘোষিত ফলাফলে দেখা গেছে, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৬ হাজার ৯ জন। মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ, যেখানে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৭১৬ জন। এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৯৫১ জন পরীক্ষার্থী।
শিক্ষা বোর্ডের উপাত্ত অনুযায়ী, গত বছর পাসের হার ছিল ৬৮ দশমিক ০৪ শতাংশ। সে তুলনায় এবার পাসের হার কমেছে ৩ দশমিক ৯৯ শতাংশ। একই সঙ্গে গতবারের চেয়ে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ১৯ হাজার ৯ জন।
ফল জানার উপায় ও পুনঃনিরীক্ষণ: পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট (https://educationboardresults.gov.bd) এবং মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে রেজাল্ট সংগ্রহ করতে পারবে। যেকোনো মোবাইল অপারেটর থেকে এসএমএস অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, স্পেস দিয়ে রোল নম্বর এবং স্পেস দিয়ে ২০২৬ লিখে ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি বার্তায় ফল জানা যাবে।
প্রকাশিত ফলাফলে সন্তুষ্ট না হলে আগামী ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনের মাধ্যমে ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে। পুনঃনিরীক্ষণের বিস্তারিত নিয়মাবলী বোর্ডের ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।
