
|| নিজস্ব প্রতিবেদক ||
ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদানকৃত মর্যাদাপূর্ণ “সেরা প্রতিষ্ঠান পুরস্কার ২০২৬” (Best Institution Award 2026) লাভ করেছে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান কালাদী সাহাজুদ্দিন জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা। একাডেমিক ক্ষেত্রে অনন্য ও অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটিকে এই বিশেষ সম্মাননায় ভূষিত করে।
মাদ্রাসার এই গৌরবময় অর্জনে গভর্নিং বডির সভাপতি ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিজ্ঞ আইনজীবী এডভোকেট মো. আব্দুল মান্নান ভূঁইয়া গভীর আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আলহামদুলিল্লাহ! এই অসামান্য অর্জন মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট প্রতিটি মানুষের জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের।”
এই অভূতপূর্ব সাফল্যের পেছনে পিএইচপি (PHP) ফ্যামিলি ও ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর বোর্ড অব ট্রাস্টিজের মাননীয় চেয়ারম্যান এবং মাদ্রাসার ট্রাস্ট সভাপতি সূফী মোহাম্মদ মিজানুর রহমানের দূরদর্শী নেতৃত্ব, অবিচল সমর্থন ও অমূল্য অবদানের কথা গভর্নিং বডির পক্ষ থেকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন গভর্নিং বডির সভাপতি।
একই সাথে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মনির হোসেন এবং তাঁর নিষ্ঠাবান শিক্ষক-কর্মচারী পরিষদের অক্লান্ত পরিশ্রম, প্রাতিষ্ঠানিক শ্রেষ্ঠত্ব অর্জনের দৃঢ় অঙ্গীকার এবং অসাধারণ পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করা হয়। সফলতার এই ধারা অব্যাহত রেখে ভবিষ্যতে মাদ্রাসাটি যেন শিক্ষার মান আরও উঁচুতে নিয়ে যেতে পারে এবং দেশের অন্যতম সেরা বিদ্যাপীঠ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে, সেজন্য গভর্নিং বডির পক্ষ থেকে মহান আল্লাহর সাহায্য কামনা করা হয়।
