Tuesday, July 28

ইমরান খানের কারাবাস নিয়ে পাকিস্তানকে জাতিসংঘের কড়া বার্তা

|| আন্তর্জাতিক ডেস্ক ||

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারাবাসের পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে ইসলামাবাদ সরকারকে মানবিক আচরণ নিশ্চিত করার তাগিদ দিয়েছেন জাতিসংঘের নির্যাতনবিষয়ক বিশেষ র‍্যাপোর্টিয়ার অ্যালিস জিল এডওয়ার্ডস। আজ মঙ্গলবার (২৮ জুলাই) আন্তর্জাতিক গণমাধ্যমের এক প্রতিবেদনে এই তথ্যের সত্যতা নিশ্চিত হওয়া গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এডওয়ার্ডস জানান, পিটিআইপ্রধান ইমরান খান গত ৩৩ মাস ধরে একটি ছোট ও জানালাবিহীন কক্ষে প্রায় সম্পূর্ণ একাকী অবস্থায় বন্দি রয়েছেন। কক্ষটিতে ২৪ ঘণ্টা সিসিটিভি নজরদারি চলার পাশাপাশি টানা দুই সপ্তাহেরও বেশি সময় ধরে তাঁকে কোনো প্রকার এক্সারসাইজ বা অর্থবহ মানবিক যোগাযোগের সুযোগ দেওয়া হচ্ছে না।

জাতিসংঘের এই বিশেষজ্ঞ হুঁশিয়ারি দিয়ে বলেন, টানা ১৫ দিনের বেশি এমন বিচ্ছিন্ন অবস্থায় রাখা জাতিসংঘের ‘ম্যানডেলা রুলস’-এর সুস্পষ্ট লঙ্ঘন এবং এটি নির্যাতন বা অমানবিক আচরণের শামিল। একই সাথে ২০১৩ সালে মেরুদণ্ডে পাওয়া আঘাত ও ২০২২ সালের হত্যাচেষ্টায় গুলিবিদ্ধ হওয়ার ক্ষতের উপযুক্ত চিকিৎসা থেকে ইমরান খানকে বঞ্চিত করা হচ্ছে বলেও তিনি ক্ষোভ প্রকাশ করেন।

ইমরান খানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা সৈয়দ জুলফিকার বুখারিও একই দাবি করে বলেন, গত আট মাস ধরে কাউকে সাবেক এই প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে দেওয়া হচ্ছে না, যা তাঁর আইনি ও মৌলিক মানবাধিকারের চরম লঙ্ঘন।

এদিকে আগামী ৫ আগস্ট ইমরান খানের কারাবাসের ৩ বছর পূর্তি উপলক্ষে আদিয়ালা কারাগার অভিমুখে লংমার্চের ডাক দিয়েছে তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। খাইবার পাখতুনখোয়া ও লাহোরসহ বিভিন্ন অঞ্চলে জোরদার করা হচ্ছে এই আন্দোলনের প্রস্তুতি। ইমরান খানের বোন আলিমা খান এক সমাবেশে অভিযোগ করেন, দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্রের পক্ষে অবস্থান নেওয়ার কারণেই তাঁর ভাইকে অমানবিক মানসিক নির্যাতনের মুখোমুখি করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *