
|| এস এম রেদোয়ানুল হাসান | ইবি প্রতিনিধি ||
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাদশা ফাহদ বিন আবদুল আজিজ কেন্দ্রীয় লাইব্রেরীতে জব কর্ণার-২ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.একেএম মতিনুর রহমান এ জব কর্নার উদ্বোধন করেন।
শিক্ষার্থীদের চাকুরী ও ব্যক্তিগত অধ্যয়নের সুবিধার্থে এটি স্থাপন করা হয়। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী। এসময় বিশ্ববিদ্যলয়ের গ্রন্থাগারিক, বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী, রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতৃবৃন্দসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা উপাচার্যের নিকট লাইব্রেরি সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা, ইন্টারনেট সুবিধা বৃদ্ধি, অবকাঠামোগত ও পড়ার পরিবেশ উন্নয়ন, ক্যারিয়ার ও বিসিএস পরীক্ষার ভালো ফলাফল নিশ্চিত করাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবি জানান।
উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান বলেন, “সরকারি অর্থ বিনিয়োগের প্রধান উদ্দেশ্য বেকার না বানিয়ে দক্ষ গ্র্যাজুয়েট তৈরি করা। বিশ্ববিদ্যালয়ের দেওয়া সুযোগ-সুবিধার সঠিক ব্যবহার করে বিসিএসসহ প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিজেকে যোগ্য হিসেবে প্রস্তুত করো। গভীর রাত পর্যন্ত জেগে না থেকে শরীরের যত্ন নাও এবং জব কর্নার ও লাইব্রেরিকে আড্ডার কেন্দ্র না বানিয়ে কেবল পড়াশোনায় কাজে লাগাও। ব্যক্তিগত মেধা ও দক্ষতার উন্নয়নের মাধ্যমে পরিবার, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে অবদান রাখার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করো।
