Tuesday, August 18

ইবিতে খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

|| এস এম রেদোয়ানুল হাসান | ইবি প্রতিনিধি ||

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতির উদ্যোগে ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদ ভবনের সামনে বিলাতি গাব গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সংগঠনটির সভাপতি সাজ্জাতুল্লাহ শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা প্রফেসর ড. সৈয়দ মাকসুদুর রহমান এবং প্রফেসর ড. আব্দুল গফুর গাজী। এছাড়াও সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে তারা মীর মুগ্ধ সরোবরের প্রাচীর ঘেঁষে, বোটানিক্যাল গার্ডেন, আইআইইআর, দেশনেত্রী খালেদা জিয়া হল, আয়েশা সিদ্দিকা (রা.) হল, পেয়ারা বাগান ও শাহ আজিজুর রহমান হল এলাকাসহ ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে বিলাতি গাবসহ (Diospyros discolor) প্রায় শতাধিক গাছ ও বীজ রোপণ করেন।

অনুষ্ঠানে উপদেষ্টা প্রফেসর ড. সৈয়দ মাকসুদুর রহমান বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা, বিশুদ্ধ বায়ু নিশ্চিতকরণ এবং বাসযোগ্য পৃথিবী গড়ার জন্য বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর সঠিক পরিচর্যা করাও আমাদের দায়িত্ব। খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতির এই পরিবেশবান্ধব উদ্যোগ অব্যাহত থাকবে বলে আমরা আশা করি।”

অপর উপদেষ্টা প্রফেসর ড. আব্দুল গফুর গাজী বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পরিবেশ ও বনমন্ত্রী ড. লায়ন শেখ ফরিদুল ইসলামের দেশব্যাপী বৃক্ষরোপণ আহ্বানে অনুপ্রাণিত হয়ে এই কর্মসূচি পালন করা হচ্ছে। এমন মহতী উদ্যোগকে আমি সাধুবাদ জানাই।”

সংগঠনের সভাপতি সাজ্জাতুল্লাহ শেখ বলেন, “ক্যাম্পাস ও আশেপাশের এলাকায় সচরাচর বিলাতি গাব গাছ দেখা যায় না। কিন্তু এই গাছ পরিবেশের জন্য উপকারী এবং এর ফল অত্যন্ত সুস্বাদু। পরিবেশের যত্ন নেওয়া এবং মানুষ ও পশুপাখির আহার নিশ্চিত করতেই আমরা বিশেষ এই চারাগুলো খুলনা থেকে এনে রোপণ করেছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *